চাঁদপুরের হাইমচরে গাঁজা সেবন করে মাতলামি করার অভিযোগে মো. জসিম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ। পরে তার মাদক সেবনের পরীক্ষায় গাঁজার উপস্থিতি শনাক্ত হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত ৭টা ৫৫ মিনিটের দিকে হাইমচর উপজেলার ২ নম্বর উত্তর আলগী ইউনিয়ন পরিষদ থেকে ডেলের বাজারগামী সড়কে দেওয়ান বাড়ির সামনের সেতুর ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি গাঁজা সেবন করে মাতলামি করছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় থানার এএসআই মো. ছগির হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার মো. জসিম চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বহরিয়া লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল হক পাটোয়ারী এবং মাতা শহিদা বেগম।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরীক্ষার প্রতিবেদনে তার শরীরে Marijuana (THC)-Positive ফল পাওয়া যায়।
এ ঘটনায় ২৪ অক্টোবর হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২১ ধারায় মামলা করা হয়। মামলার এফআইআর নম্বর ২৭ এবং জিআর নম্বর ২৮৯। একই দিন যথাযথ পুলিশি প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২৪ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur