চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য কাজী আব্দুল খালেকের ২য় সন্তান কাজী আব্দুল কাদের। ইউনিয়নের ৬নং ওয়ার্ড সৈয়দপুর গ্রামের এই কৃতি সন্তান দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও খেলাধুলাভিত্তিক ধর্মীয়-সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
পড়াশোনার ক্ষেত্রে তিনি ঐতিহ্যবাহী নোওহাটা ফাজিল মাদ্রাসা থেকে সফলতার সাথে স্নাতক (ডিগ্রী) অর্জন করেন। শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে এগিয়ে নিতে তিনি গড়ে তুলেছেন ‘রামপুর নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা’। এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে সফল কাজী আব্দুল কাদের রামপুর বাজারের অন্যতম পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান ‘কে এম কাদের ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী।
এলাকায় তার সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে আলাদা এক উদ্দীপনা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে ঘিরে তৈরি হয়েছে বিপুল জনসমর্থন।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম, সোলেমান পন্ডিত ও জামাল মিয়া বলেন, “কাজী আব্দুল কাদের ভাই একজন সৎ, শিক্ষিত ও রুচিশীল মানুষ। করোনাকালসহ যেকোনো দুর্যোগে তিনি সবসময় আমাদের পাশে ছিলেন। তিনি শুধু প্রতিশ্রুতি দেওয়ার মানুষ নন, কাজের মানুষ। আমরা চাই তার মতো একজন যোগ্য ব্যক্তি আমাদের ইউনিয়নের সার্বিক উন্নয়নে নেতৃত্ব দিক।”
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী কাজী আব্দুল কাদের বলেন, “আমি ছোটবেলা থেকেই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আমার মূল লক্ষ্য হলো দলমত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে কালচোঁ দক্ষিণ ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করা। ইনশাআল্লাহ, জনগণ যদি আমাকে সেবার সুযোগ দেন, তবে আমি সততা ও নিষ্ঠার সাথে তাদের কল্যাণে কাজ করে যাব।”
স্থানীয়দের মতে, কাজী আব্দুল কাদেরের মতো শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব নির্বাচনে অংশ নেওয়ায় ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে এক ইতিবাচক আমেজ সৃষ্টি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/
২০ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur