Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা জেলে
জামিন

জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা জেলে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পুনর্বহালের আবেদন করতে গিয়ে চাঁদপুর জেলা দায়রা জজ আদালতে আটক হয়েছেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতাসহ দুজন। পরবর্তীতে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান খলিল এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন রাজু।

এ সময় চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামছুন্নাহার শুনানি শেষে আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করেন এবং ওয়ান ওয়ারেন্ট (সিডব্লিউ) মূলে তাঁদের তাৎক্ষণিক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান খলিল সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পূর্বে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন আগাম জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জামিনের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার চাঁদপুর জেলা দায়রা জজ আদালতে স্থায়ী জামিনের প্রার্থনা করলে বিচারক জামিন আবেদন খারিজি আদেশে নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃত আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান খলিল পৌর এলাকার সাহাপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ফরিদগঞ্জ বাজারের স্বনামধন্য ব্যবসায়ী প্রয়াত হাজী আব্দুল আউয়ালের ছেলে। অন্যদিকে, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল হোসেন রাজু উপজেলার প্রত্যাশী গ্রামের মৃত সুফিয়ান মিয়ার ছেলে।

প্রক্রিয়া শেষে কড়া তাঁদের জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৯ অক্টোবর ২০২৬