Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে পরিত্যক্ত বসতঘর পুড়ে ছাই
অগ্নিকাণ্ডে

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে পরিত্যক্ত বসতঘর পুড়ে ছাই

চাঁদপুরের ফরিদগঞ্জে ভোরে ঘটে যাওয়া এক আকস্মিক অগ্নিকাণ্ডে আবুল হোসেনের একটি পরিত্যক্ত বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বুধবার (১৪ অক্টোবর) ভোর রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলি এলাকার বরকন্দাজ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শেষ রাতে বরকন্দাজ বাড়ির আবুল হোসেনের পরিত্যক্ত বসতঘরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা চালানোর পাশাপাশি তাৎক্ষণিকভাবে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা কামরুল হাসানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা যাবতীয় মালামাল ও পুরো অবকাঠামো ভস্মীভূত হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছানোয় আগুন আশপাশের অন্য বাসাবাড়িতে ছড়াতে পারেনি। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩-৪ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোঃ আবুল হোসেন জানান, আমি কাজে ঢাকায় ছিলাম। অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ না থাকায় রক্ষা হয়েছে। হঠাৎ এতো ভোরে আগুন লাগায় কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। কি ভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি আগুন লাগার সঠিক কোন কারণ বলতে পারছেন না। তবে ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল।‌

প্রতিবেদক: শিমুল হাছান,
১৪ অক্টোবর ২০২৬