আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজা চলাকালে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এবারের দুর্গোৎসব নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন এবং সিসি ক্যামেরার মাধ্যমে পূজামণ্ডপগুলো নজরদারিতে রাখার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক ধর্মীয় স্থান শ্রী শ্রী মেহার কালীবাড়ি এ উপজেলায় অবস্থিত। ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতির ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান,চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আক্তার হোসেন পাটওয়ারী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান,
শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শাহরাস্তি উপজেলা শাখার তথ্য অনুযায়ী, এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় মোট ১৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি নিখিল চন্দ্র মজুমদার বলেন, প্রশাসনের সমন্বিত উদ্যোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় শাহরাস্তিতে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১২ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur