Home / উপজেলা সংবাদ / হাইমচর / ‘শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সচেতনতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’
শিক্ষকদের

‘শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সচেতনতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’

চাঁদপুরের হাইমচর উপজেলা শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণে পরিচালনা কমিটিসমূহের সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হাইমচর উপজেলা প্রশাসের আয়োজনে দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজে মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা একটি জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান ভিত্তি। শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষক কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করা, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পরিচালনা কমিটির সভাপতিদের প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের প্রতি নজর রাখতে হবে। শিক্ষকদের যথাযথভাবে পাঠদান করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের অগ্রগতির বিষয়ে নিয়মিত তদারকি করতে হবে।

এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের সুশিক্ষিত, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সচেতনতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি হাইমচরের শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা যাতে উপযুক্ত পরিবেশে লেখাপড়া করতে পারে, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পাঠদানের মান বৃদ্ধি এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দিতে হবে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আহসানুল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি মো. আব্দুল মান্নান যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বেদারুল আলম, হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, হাইমচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনসুর আহমেদ, বাজাপ্তী রমনী মহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, হাইমচর উত্তর চরভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আক্তার হোসেন পলাশ, আলগী বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. মো. জিল্লুর রহমান, চরভৈরবী উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক শংকর ঘোষ, হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু জাফর শেখ, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কাটাখালি হামিদিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ মাও. শরীফ হোসেন ও গীতা থেকে পাঠ করেন ৭২নং লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয প্রধান শিক্ষক সীমা দেবনাথ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীসহ হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্টাফ রিপোর্টার/
১০ অক্টোবর ২০২৬