Home / চাঁদপুর / চাঁদপুরের সকল পূজামণ্ডপকে কঠোর নজরদারির আওতায় আনা হবে:ডিসি
পূজামণ্ডপ

চাঁদপুরের সকল পূজামণ্ডপকে কঠোর নজরদারির আওতায় আনা হবে:ডিসি

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সবাই মিলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করার আহ্বান করছি। আমরা সকল পূজামণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনব।

পূজামণ্ডপগুলোকে কঠোর নজরদারির মধ্যে রাখা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়াতে হবে, যাতে কোনো অপতথ্য প্রচার না হয়। সবার অবস্থান থেকে পূজার সময়ে সহযোগিতা করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাই পূজা উদযাপন পরিষদকে সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, “চাঁদপুর পৌরসভাসহ সকল পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো পূজামণ্ডপে সমস্যা থাকলে তা আমাদের জানাবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার হলে আমাদের জানাবেন অথবা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে জানাবেন। পূজার সময়ে স্বাস্থ্য বিভাগ আলাদা মেডিকেল টিম রাখবে। পূজামণ্ডপের আশপাশে দোকান বা বাজার থাকতে পারে, কিন্তু কোনোভাবেই যেন মেলা না বসে। কিশোর গ্যাংয়ের প্রতি নজরদারি বাড়াতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়।’’

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি মো. খলিলুর রহমান গাজী, সহসভাপতি দেওয়ান মো. শফিকুজ্জামান, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক মো. মাহবুব আলম, চাঁদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ), জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুজন সরকার, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক লক্ষ্ণণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন সরকার জয়, চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. নেওয়াজ শরীফ, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রজন চন্দ্র দে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীর দত্ত।

সভায় শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জেলার তথ্য উপস্থাপন করেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এবার চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ২৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৪১টি, ফরিদগঞ্জ উপজেলায় ২৩টি, হাইমচর উপজেলায় ৬টি, হাজীগঞ্জ উপজেলায় ২৯টি, মতলব দক্ষিণ উপজেলায় ৩৯টি, মতলব উত্তর উপজেলায় ৩৬টি, কচুয়া উপজেলায় ৩৯টি এবং শাহরাস্তি উপজেলায় ১৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৭ অক্টোবর ২০২৬