চাঁদপুরের ফরিদগঞ্জে ১১ বছর বয়সী এক প্রাথমিক বিদ্যালয় ছাত্রীকে বসতঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে থানার অফিসার সংবাদ পেয়ে থানার এসআই হুমায়ূন কবির সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে বৃদ্ধকে গ্রেফতার করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির নানী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। প্রায় সাত বছর আগে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকে সে নানীর কাছে থেকে পড়াশোনা করে আসছে। তার মা বর্তমানে জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করছেন।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল শিশুটি। পথিমধ্যে গোবিন্দপুর গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে অভিযুক্ত মকবুল ছৈয়াল (৬৫) তাকে একা পেয়ে কৌশলে ডেকে নেন। একপর্যায়ে পেছন থেকে মুখ চেপে ধরে শিশুটিকে নিজের বসতঘরে নিয়ে যান তিনি। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ওপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, পাশবিক ঘটনার পর এ বিষয়ে কাউকে কিছু জানালে শিশু ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফলে ভয়ে অবুঝ শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখে।
পরদিন রাতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে নানী কারণ জানতে চান। এ সময় কান্নায় ভেঙে পড়ে পুরো ঘটনা নানীকে বিস্তারিত জানায় সে।
পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর সকালে শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটির ডাক্তারি পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, শিশু ধর্ষণের লিখিত অভিযোগ পাওয়া মাত্রই মামলা রুজু করা হয়েছে। পুলিশি অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধ মকবুল ছৈয়ালকে (২৫ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা চলছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৬ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur