Home / চাঁদপুর / চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, ধ্বংস করা হলো পচা খাবার ও ক্ষতিকর রং
প্রতিষ্ঠানকে

চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, ধ্বংস করা হলো পচা খাবার ও ক্ষতিকর রং

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা না থাকা, পচা-বাসি খাবার সংরক্ষণ, খাবারে ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এসব জরিমানা করা হয়।

অভিযানে ইসলামীয়া বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা, প্রধানীয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, নিউ মিতালী ফুডকে ৫ হাজার টাকা, বন্ধু মেডিসিনকে ১০ হাজার টাকা এবং রাজ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে সংরক্ষিত পচা-বাসি খাবার, ক্ষতিকর রং ও রাসায়নিক ধ্বংস করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। পচা-বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্য কিংবা ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহার করে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

অভিযানে কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ তালুকদার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।

প্রতিবেদক: শরীফুল ইসলাম,
২১ সেপ্টেম্বর ২০২৬