নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজনের সুযোগ না থাকায় আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি মাছউদ বলেন, আগামী ১২ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রাথমিক সময়সূচি নির্ধারণের পরিকল্পনা থাকলেও সেখান থেকে সরে এসেছে কমিশন। নভেম্বর ও ডিসেম্বরজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং নির্বাচনী দায়িত্বে শিক্ষকদের যুক্ত করার বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জানুয়ারিতে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।
এদিকে, রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নির্ধারিত সংলাপও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইসি মাছউদ।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২০ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur