চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, রবীন্দ্র ও নজরুল সংগীত আমাদের বাঙালি সংস্কৃতি, চেতনা এবং আবেগের এক চিরন্তন ও অবিচ্ছেদ্য অংশ। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এই দুই মহাপুরুষ বাংলা সাহিত্য ও সংগীতকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাদের গান মানুষের মনে গভীর মুগ্ধতা ও শান্তির আবেশ তৈরি করে। উপজেলা পর্যায়ে সংগীত প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে শোভা সঙ্গীতায়নের ২৫ বছর পূর্তি প্রমাণ করে এই স্থানের মানুষ কতটা সংগীত প্রিয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের সহযোগিতায় রবীন্দ্র নজরুল প্রয়াণ দিবস ও শোভা সঙ্গীতায়নের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
জেলা প্রশাসক জিয়াউর রহমান আরো বলেন, রবীন্দ্র নজরুল প্রয়াণ দিবসের ধারাবাহিকতার সাথে সাথে আমাদের আব্দুল আলীমের জন্ম দিবস পালন করতে হবে। বর্তমানে নজরুল বর্ষ পালিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম। স্বাগত বক্তব্য রাখেন সভা সঙ্গীতায়নের প্রতিষ্ঠাতা পরিচালক ও সংগীত প্রশিক্ষক দুলাল পোদ্দার। সঞ্চালনায় ছিলেন কবিতা আবৃত্তি সংগঠক সনক এর পরিচালক সাইয়েদুল আরেফিন শ্যামল।
এ সময় চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক প্রণব রায় চৌধুরীসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শোভা সঙ্গীতায়নের শিক্ষার্থী এবং চাঁদপুরের জেলা প্রশাসক গান পরিবেশন করেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১২ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur