নজরুল বর্ষ উপলক্ষে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের স্মরণে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য স্মরণোৎসব।
শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে সুরধ্বনী সংগীত একাডেমি, চাঁদপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
জেলা প্রশাসক বলেন, আজকে সুরধ্বনি একাডেমির নতুন কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করবো বিগত কমিটির যেভাবে এই সংগঠনকে সক্রিয় রেখেছে, নতুন কমিটি তার চেয়ে বেশি সক্রিয় রাখবে। আমরা সকলে মিলে সামনের দিনগুলোতে চাঁদপুরের সংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবো, সেই প্রত্যাশা রাখছি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এস জামিউল হিকমা, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঈনুদ্দিন লিটন ভূঁইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদ হোসেন মোল্লা, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সপ্তসুর সংগীত একাডেমির সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, উপদেষ্টা বিপ্লব কুমার কর্মকার, সংগঠনের সভাপতি মো. মাসুদ হোসেন, সহ-সভাপতি এমদাদুল হক মিলনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুরধ্বনী একাডেমির সাবেক সভাপতি হাফেজ আহমেদের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুরধ্বনী একাডেমির অধ্যক্ষ অনিতা নন্দী।
স্মরণোৎসবে রবীন্দ্রনাথ, নজরুল ও সুকান্তের সাহিত্যকর্ম, জীবনদর্শন এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁদের অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিন মহান কবির সৃষ্টি ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাঁদের স্মৃতিকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সুরধ্বনী একাডেমির সংগীত বিভাগের সদস্যদের সম্মাননা প্রদান। সংগীত বিভাগে ১৩ জন সদস্য উত্তীর্ণ হওয়ায় তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের অর্জনে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তিন মহান কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কবিতা, গান, নৃত্য ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে মুখর হয়ে ওঠে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।
আয়োজকরা জানান, রবীন্দ্রনাথের মানবতা ও সৌন্দর্যবোধ, নজরুলের সাম্য ও দ্রোহের চেতনা এবং সুকান্তের গণমানুষের স্বপ্নকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১১ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur