Home / চাঁদপুর / গাঁজা সংগ্রহ করে চাঁদপুর লঞ্চঘাট দিয়ে যাওয়ার সময় আটক মা-ছেলে
লঞ্চঘাট

গাঁজা সংগ্রহ করে চাঁদপুর লঞ্চঘাট দিয়ে যাওয়ার সময় আটক মা-ছেলে

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ মা ও ছেলেকে আটক করেছে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার এস আই সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে পরিচালিত অভিযানে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

আটকৃতরা হলেন, কুমিল্লা জেলার লাকসাম থানার মিশ্রি গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মো. আব্দুল করিম (২৮) এবং তার মা রাহিমা বেগম (৫০)। তারা সম্পর্কে মা ও ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা পুলিশকে জানায়, তারা কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছিল।

পুলিশ জানায়, আটকৃত মা-ছেলের দেওয়া তথ্য এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে জব্দকৃত গাঁজার উৎস, সরবরাহকারী এবং পরিবহনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে এ মাদক চালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

চাঁদপুর সদর নৌ থানা পুলিশ জানায়, মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও সরবরাহ বন্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও আইনগত কার্যক্রম চলমান থাকবে।

আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১১ সেপ্টেম্বর ২০২৬