সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং সর্বোচ্চ মামলার জরিমানা আদায়ে বিশেষ অবদান রাখায় চাঁদপুরে আগস্ট মাসের শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন ট্রাফিক পুলিশের তিন সদস্য। তাদের মধ্যে রয়েছেন ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস, এটিএসআই মোজাম্মেল হোসেন ও সার্জেন্ট আতিকুল ইসলাম শিমুল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে টিআই (এডমিন) প্রবীর কুমার দাস ও এটিএসআই মোজাম্মেল হোসেনকে এবং সর্বোচ্চ মামলার জরিমানা আদায়ের জন্য সার্জেন্ট আতিকুল ইসলাম শিমুলকে এ পুরস্কার দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা, শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, আরওআই রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় টিআই (এডমিন) প্রবীর কুমার দাস বলেন, এই স্বীকৃতি আমার একার অর্জন নয়; এটি চাঁদপুর ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা দায়িত্ব ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আইন মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।
তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি চালক, পথচারী ও সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতা পেলে চাঁদপুরের সড়ক ব্যবস্থাপনা আরও সুন্দর ও নিরাপদ করা সম্ভব।
স্টাফ রিপোর্টার/
১০ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur