চাঁদপুরের হাইমচরে ৫ পিস ইয়াবাসহ দুই কারবারি এবং মাদক সেবনের অপরাধে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা জানান, থানার এসআই মো. জাকির হোসেন, এএসআই আবু হানিফ ও এএসআই মো. ইমাম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের জনতা বাজার খালপাড় রোড এলাকার গাজিউল হকের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে আকবর হোসেন মৈশাল (২২) ও রাশেদ পেদাকে (২২) আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে আকবরের পকেট থেকে ৩ পিস এবং রাশেদের পকেট থেকে ২ পিস—মোট ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাইমচর থানায় একটি মামলা (এফআইআর নং-১১) রুজু করা হয়েছে।
অন্যদিকে, পৃথক অভিযানে এসআই ফারুক উল ইসলামের নেতৃত্বে পুলিশের আরেকটি দল পশ্চিম চরকৃষ্ণপুর এলাকা থেকে ইউসুফ জমাদার ওরফে রকিকে (২০) মাতলামি করার সময় আটক করে। পরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মেডিকেল পরীক্ষা করালে ডোপ টেস্টে গাঁজা (THC) ও ইয়াবা (MET) সেবনের বিষয়টি পজিটিভ আসে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা (এফআইআর নং-১২) দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিন আসামিকে আজ বুধবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৯ সেপ্টম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur