দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের জেল-জুলুম, অন্যায় ও নির্যাতন সহ্য করেও দেশের নারীরা দমে যাননি। গণতন্ত্র পুনরুদ্ধারের রাজপথে পুরুষদের পাশাপাশি নারীরাও আজ বিজয়ী যোদ্ধা। চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এসব কথা বলেন নেতৃবৃন্দ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে সাহসিকতার পরিচয় দিয়েছে। আগামী দিনের সব রাজপথের লড়াই-সংগ্রামেও মহিলা দলের নারী যোদ্ধারা অগ্রভাগে থাকবেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান টিপু, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মোল্লা, উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিম, পৌর মহিলা দলের নেত্রী মাহমুদা পারুল ও আলেয়া বেগম।
বক্তারা বলেন, রাজনীতিতে নারীরা আর পিছিয়ে নেই, নারীরা এখন রাজপথের মূল চালিকাশক্তি। সাম্য ও অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে নারী সমাজকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহস্রাধিক নারী নেত্রী ও কর্মীর অংশগ্রহণে আনন্দ র্যালি বের হয়। স্লোগানে স্লোগানে মুখরিত র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা ফজলুর রহমান ফজলু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ এম টুটুল পাটওয়ারী, সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম, ছাত্রদল নেতা মহিন, সুজন আখন এবং মহিলা দল নেত্রী ঝর্না আক্তার, মাহফুজা আক্তার, শাহিনা আক্তার, খুরশিদা বেগম, জোছনা বেগম, রিনা আক্তার, বিউটি বেগম, সুফিয়া বেগম, আয়েশা বেগম ও ফিরোজা বেগমসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: শিমুল হাছান,
৯ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur