Home / চাঁদপুর / চাঁদপুরে লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন, দু’বেকারিকে জরিমানা
লাইসেন্স

চাঁদপুরে লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন, দু’বেকারিকে জরিমানা

বিএসটিআইয়ের মান সনদ (লাইসেন্স) ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে চাঁদপুরে দুটি নামী বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ইলিশ চত্বর ও মিশন রোড এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের মান সনদ না নিয়ে মিষ্টি, দই, বিস্কুট, পাউরুটি ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন এবং বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ইলিশ চত্বর এলাকার কাশ্মীরি সুইটস অ্যান্ড লাইভ বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মিশন রোড এলাকার আরাবিয়ান সুইটস অ্যান্ড পেস্ট্রি শপকে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমাত উল্লাহ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আমিনুল ইসলাম শাকিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমাত উল্লাহ জানিয়েছেন, বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী লাইসেন্স ছাড়া কোনো পণ্য উৎপাদন বা বিপণন করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

প্রতিবেদক: শরীফুল ইসলাম,
২৪ আগস্ট ২০২৬