চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ওয়ার্ডের কালিবাজার এলাকার ডাকাতিয়া নদীর উপর নির্মিত দীর্ঘ এই ব্রিজটি। দীর্ঘ প্রায় ৩০ বছরের পুরাতন এই ব্রিজের অবকাঠামো সম্পন্ন বাতিল হয়ে গেছে।
সরজমিনে গিয়ে দেখা যায় এই ব্রিজের দুপাশের রেলিং ভেঙে গেছে এবং ব্রিজের মাঝখানের একটি অংশ ভেঙ্গে নদীতে পড়ে গেছে। এ ভাঙ্গ স্থানে দাঁড়ালে নদীর তলদেশ দেখতে পাওয়া যায়। যেখানে দাঁড়ালে শরীরের লোম দাঁড়িয়ে যায়। অথচ সেই ভাঙ্গা ব্রিজের উপর দিয়েই শুধুমাত্র একটি কাঠের উপর নির্ভর করে পারাপার হচ্ছে মোটরসাইকেল, স্কুল-কলেজের ছাত্ররা বাইসাইকেল নিয়ে যাতায়াত করছে। এছাড়া সাধারণ লোকজন ও শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।
এলাকার বেশ কয়েকজন লোকদের সাথে আলাপ করলে জানান, সন্ধ্যার পর এই ব্রিজ এর উপর দিয়ে লোকজন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। জরুরী প্রয়োজন থাকলেও ব্রিজ থেকে পড়ে যাওয়ার ভয়ে লোকজন যাতায়াত করতে পারছে না। দীর্ঘ বছর যাবত ব্রীজের উপরের অংশ ভেঙ্গে নদীতে পড়ে যায়।
এলাকাবাসী আরো অভিযোগ করে জানান শুধুমাত্র জরুরি প্রয়োজনে তাগিদে এলাকার কয়েকজনের উদ্যোগে একটি কাঠের টুকরো ফেলে তার উপর দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। যা সম্পূর্ণ অনিরাপদ। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
তারা আরো জানান অভিভাবকের অগোচরে শিশুরা দুষ্টুমির ছলে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে এবং এপার থেকে ওপারে আসা-যাওয়া করে। এখান থেকে কেউ যদি পড়ে নদীতে তলিয়ে যায় দেখার মত কেউ থাকবে না। দীর্ঘদিনের এই সমস্যা থাকলেও এলাকার কেউ এ ব্যাপারে এগিয়ে আসেনি।
অনেকেই এই ব্রিজের নাম দিয়েছে মৃত্যু কূপ। যেখান থেকে নদীতে পড়ে গেল কেউ কখনো আর ফিরে আসবেনা। দ্রুত এই ব্রিজের উন্নয়ন কাজ না হলে ভোগান্তির শিকার আরো বাড়বে। এই ব্রিজের উপর দিয়ে দূরদূরান্তের লোকজন এবং স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা যাতায়াত করে। শুধুমাত্র মাঝপথে ব্রিজের একটি অংশ ভেঙে যাওয়ার ফলে কোন প্রকার অটো সহ অন্যান্য যানবাহন আসা যাওয়া করতে পারে না। যার ফলে মানুষ সব সময় দুর্ভোগের শিকার পড়তে হয়।
দ্রুত এই মরণফাঁদ ব্রিজের উন্নয়নমূলক কাজ না হলে এলাকার লোকজন বিপাকে পড়বে এবং জনদুর্ভোগ আরো বেড়ে যাবে।
স্টাফ করেসপন্ডেট/
২৪ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur