Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও সভা
জশনে

শাহরাস্তিতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও সভা

চাঁদপুরের শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদা উৎসবমুখর পরিবেশে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী ( সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) শাহরাস্তি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে উপজেলার কালিয়াপাড়া বাজার থেকে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী ( সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

‘মুস্তফা জানে রহমত পে লাখো সালাম’সহ বিভিন্ন স্লোগানে র‍্যালিতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। র‍্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ শাহরাস্তির প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সংগঠনের পৃথক মিছিল নিয়ে নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষ মূল র‍্যালিতে এসে যোগ দেন।পরে নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জুলুছের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম আল কাদরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি ।

শাহরাস্তি উপজেলা ইসলামি ছাত্রসেনার সভাপতি আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, মুফতি ফজলুল কাদের বাগদাদী, খোরশেদ আলম আল কাদরী, অধ্যক্ষ সাইয়েদুল ইসলাম আজহারী, মুফতি নেয়ামত উল্লাহ আল কাদরী, মাওলানা রায়হান জালালি আশেকী, শামছুর জামান, মুফতি মাওলানা মেজবাহ উল হক লতিফী, কাজী আব্দুল হান্নান, উপাধ্যক্ষ মাসুদ আল কাদরী, প্রভাষক জাহাঙ্গীর আলম, মুফতি আনিসুর রহমান মাক্কী ও বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল ইসলাম স্বপন, বাদরুদ্দোজাসহ অন্যান্য আলেমগণ।
উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান বাবু, খাজা নুরুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমন মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহান রহমত। তাঁর আদর্শ ও সুন্নাহ অনুসরণ করাই মুসলমানদের জীবনের অন্যতম দায়িত্ব। হিংসা-বিদ্বেষ পরিহার করে শান্তি, ঐক্য ও সম্প্রীতির পথে চলার আহ্বান জানান।

এ সময় আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মী, আলেম-ওলামা, বিভিন্ন দরবার শরীফের ভক্ত-মুরিদসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৩ আগস্ট ২০২৬