চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুলে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে অটোরিকশার ভেতরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক চালকের বিরুদ্ধে। পাশবিক এই ঘটনার পর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার চরদুঃখীয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছে শিশুটির পরিবার।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে সহপাঠীর সঙ্গে অটোরিকশায় চড়ে স্কুলে যাচ্ছিল শিশুটি। পথে মুষলধারে বৃষ্টি শুরু হলে গাড়িটি নির্জন স্থানে থামিয়ে পেছনের সিটে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে চালক। চিৎকার শুনে কাছের এক খামার মালিক এগিয়ে এলে দুই শিশুকে রাস্তায় নামিয়ে দিয়ে চম্পট দেয় ঘাতক চালক। রক্তাভ পোশাকে শিশুটি বাড়ি ফিরে মাকে বিষয়টি জানালে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত চালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ফরিদগঞ্জ প্রতিনিধি/
১৫ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur