রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ২০ আগস্ট সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। ওই দিন দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ১১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের পক্ষে নোটিশের প্রজ্ঞাপন জারি করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ৬ আগস্টের প্রজ্ঞাপনের (নির্বাচনের তফসিল) ধারাবাহিকতায়, স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিনে অর্থাৎ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ-সদস্যদের বৈঠক আহ্বান করছি।
২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটের তারিখ রেখে তফসিল দেয় ইসি। এবার বিএনপি ও জামায়াত জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে। এ ক্ষেত্রে একাধিক বৈধ প্রার্থী থাকলে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে পারে। কারণ, এই সময়ে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
১২ আগস্ট ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur