চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সামগ্রিক ফলাফলে যেখানে পাসের হার ও জিপিএ-৫ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, ঠিক সেখানেই সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলার দুটি বিদ্যালয়। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও শতভাগ পাসের গৌরব অর্জন করে নজর কেড়েছে প্রতিষ্ঠান দুটি।
উপজেলার শতভাগ কৃতকার্য হওয়া এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান হলো-ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং কাওনিয়া শহীদ হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়।
উপজেলা শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবার ফরিদগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ৪৭টি বিদ্যালয়, ৫২টি মাদ্রাসা এবং ৪টি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা অংশ নেয়। এর মধ্যে ফলাফলের দিক থেকে অনন্য কৃতিত্ব দেখায় উল্লেখিত প্রতিষ্ঠান দুটি।
পরিসংখ্যান ঘেঁটে জানা যায়, ঐতিহ্যবাহী ‘ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ থেকে এবার মোট ৫৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। শতভাগ পাসের পাশাপাশি তাদের মধ্যে ৬ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ লাভ করেছে এবং অবশিষ্ট ৪৯ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে, প্রত্যন্ত এলাকার ‘কাওনিয়া শহীদ হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়’ থেকেও শতভাগ পাসের অভাবনীয় সাফল্য এসেছে। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩২ জন পরীক্ষার্থীর সবাই সফলভাবে উত্তীর্ণ হয়ে শতভাগ পাসের ধারা বজায় রেখেছে।
এমন দৃষ্টিনন্দন ও অভাবনীয় ফলাফলে দারুণ উচ্ছ্বসিত বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। শতভাগ পাসের পেছনের রহস্য জানাতে গিয়ে শিক্ষকরা জানান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, নিয়মিত পাঠদান, স্পেশাল ক্লাস এবং অভিভাবকদের সচেতনতার ফলেই এই শতভাগ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
স্থানীয় শিক্ষাবিদরা বলছেন, বড় বড় প্রতিষ্ঠানের ভীড়ে এবং সাধারণ ফলাফলের আড়ালে এই দুটি বিদ্যালয়ের এমন শতভাগ পাসের অর্জনকথা উপজেলার অন্যান্য পিছিয়ে পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১০ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur