চাঁদপুরের শাহরাস্তিতে মাদকাসক্ত ছেলে টাকার জন্য বাবার বসতঘরে আগুনে পুড়ে দেওয়ায় ছেলে গ্রেপ্তার। মাদকাসক্ত ছেলে বাবার বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি মো. মনির হোসেন বাবুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শাহরাস্তি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা (শামছুল মুহুরীর বাড়ি) এলাকার বাসিন্দা মনির হোসেন বাবুকে গ্রেপ্তার করে।
মামলার বাদী ও অভিযুক্তের বাবা আ. মমিনের অভিযোগ, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, স্ত্রীকে মারধর এবং প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দিত। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তার আচরণে পরিবর্তন আসেনি।
অভিযোগে গত ২৫ জুলাই স্ত্রীর ওপর হামলার ঘটনায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার জের ধরে ২৬ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মনির হোসেন বাবু তার বাবার বসতঘরে আগুন দেন বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র সহ পুরো ঘর পুড়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা। ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৭ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur