চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় ব্যাংকটির চাঁদপুর শাখার সামনে থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক শাখার সামনে এসে শেষ হয়। এতে আইএফআইসি ব্যাংকের চাঁদপুর শাখা ও উপশাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র্যালিতে নেতৃত্ব দেন আইএফআইসি ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার মো. সাইফুল ইসলাম ভূইয়া।
এদিকে বিকেলে আইএফআইসি ব্যাংকের চাঁদপুর শাখায় আলোচনা সভা, দোয়া ও কেককাটের ব্যাংকের কর্মকর্তারাসহ গ্রাহকরা। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জোড়পুকুর পাড় জামে মসজিদে খতিব হাফেজ মাওলানা জসিম উদ্দিন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ১৯৭৬ সালে আইএফআইসি ব্যাংকের যাত্রা শুরু হয়। ২০২৬ সালের ৮ অক্টোবর প্রতিষ্ঠানটি গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় গ্রাহকদের অবিচল বিশ্বাসই ছিল ব্যাংকের সাফল্য ও অগ্রগতির অন্যতম প্রধান অনুপ্রেরণা। গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে আইএফআইসি ব্যাংক।
কর্তৃপক্ষ আরও জানায়, বর্তমানে সারাদেশে শক্তিশালী আর্থিক ভিত্তির ওপর দাঁড়িয়ে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে আইএফআইসি ব্যাংক। বর্তমানে সরকারি মালিকানা রয়েছে ৩২.৭৫%, শাখা-উপশাখা দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্ক আছে ১৪০০+, ৫৫ হাজারেরও বেশি কোটি টাকার আমানত রয়েছে। আছে ২৫ লাখেরও বেশি গ্রাহক। আগামী দিনেও নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের আর্থিক চাহিদা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার রয়েছে।
নিজস্ব প্রতিবেদক/
৮ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur