Home / শিক্ষাঙ্গন / এসএসসির ফল প্রকাশ নিয়ে ৬ আগস্ট গুরুত্বপূর্ণ বৈঠক
Edu

এসএসসির ফল প্রকাশ নিয়ে ৬ আগস্ট গুরুত্বপূর্ণ বৈঠক

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এর প্রস্তুতি নিয়ে ৬ আগস্ট বিশেষ সভায় বসছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সভায় ফল প্রকাশের সম্ভাব্য তারিখ,প্রয়োজনীয় প্রস্তুতি এবং পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার ২ আগস্ট জারি করা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এতে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন,৬ আগস্ট দুটি পৃথক সভা অনুষ্ঠিত হবে। একটি সভা হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে, অন্যটি অনুষ্ঠিত হবে ঢাকা শিক্ষা বোর্ডে।

সকাল ১১ টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৫৭৪তম সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সভায় এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের সম্ভাব্য সময়সূচি,ফল প্রকাশের প্রস্তুতি এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া আগের ৫৭৩তম সভার কার্যবিবরণী অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক বিষয়ও আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এই বৈঠক আগামী শিক্ষাবর্ষের পরীক্ষাসংক্রান্ত কার্যক্রমের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময়সূচি সম্পর্কেও এ সভা থেকে একটি প্রাথমিক সিদ্ধান্ত আসতে পারে।

৩ আগস্ট ২০২৬
এ জি