Home / চাঁদপুর / চাঁদপুরে সন্তানকে বিক্রি করে ‘মলম পার্টি’ নেয়ার গল্প সাজালেন মা
সন্তানকে

চাঁদপুরে সন্তানকে বিক্রি করে ‘মলম পার্টি’ নেয়ার গল্প সাজালেন মা

চাঁদপুর শহরে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে নিজের ৬ মাস বয়সী শিশুকে বিক্রি করে পরে ‘মলম পার্টির খপ্পরে পড়ে সন্তান হারানোর’ নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং পরবর্তীতে বেরিয়ে আসা বিভিন্ন তথ্য নিয়ে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত নারীর নাম শিউলি বেগম। তিনি চাঁদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর ভাঙারপোল এলাকার খানবাড়ির বাসিন্দা এবং লিটন খানের স্ত্রী। বর্তমানে তিনি শহরের গুনরাজদী দর্জিঘাট সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে তার ভাইয়ের বাড়িতে বসবাস করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, গত ৩১ জুলাই শুক্রবার বিকেলে শিউলি বেগম তার ৬ মাস বয়সী শিশুকে চাঁদপুর শহরের এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে দিয়ে দেন। পরে তিনি দাবি করেন, মলম পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে তার কোলের সন্তান এবং সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে গেছে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফেসবুক পেজে তাকে নিয়ে ভিডিও প্রচার করা হয়। ভিডিওগুলোতে শিউলি বেগমকে কান্নাকাটি করে সন্তান হারানোর বর্ণনা দিতে দেখা যায়। তবে পরে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে অনুসন্ধানে ভিন্ন তথ্য বেরিয়ে আসে বলে দাবি করেন স্থানীয়রা।

শিশুটির বাবা লিটন খান জানান, ঘটনার বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতেন না। তার স্ত্রী বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে বলেছিলেন, তিনি কিস্তির টাকা তুলতে যাচ্ছেন।

লিটন খান বলেন, আমি জানতাম না যে আমার সন্তানকে বিক্রি করা হয়েছে। সে আমাকে কিস্তি উঠাতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে যাদের কাছে আমার সন্তানকে দেওয়া হয়েছে, তারা আমার স্ত্রীর কাছে জানতে চেয়েছিল, শিশুটির বাবা কোথায়। তখন সে নাকি তাদের বলেছে, আমি মারা গেছি।

তিনি আরও বলেন, আমি বিভিন্ন ঋণে জর্জরিত। কিন্তু আমার অজান্তে এবং আমার সঙ্গে কোনো আলোচনা না করেই সে আমার সন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দিয়েছে বলে জানতে পেরেছি।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর রঘুনাথপুর ভাঙারপোল এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন মা কীভাবে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে নিজের শিশুকে অন্যের কাছে বিক্রি করতে পারে এবং সেই সত্যকে চাপা দিতে সন্তান ছিনিয়ে নেওয়ার মিথ্যে নাটক সাজাতে পারেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী বলেন, যদি অভিযোগটি সত্য হয়, তাহলে এটি অত্যন্ত ভয়ংকর ঘটনা। যে ব্যক্তি নিজের সন্তানকে বিক্রি করতে পারেন, তিনি এলাকার অন্য কোনো শিশুর ক্ষতি করবেন না, তার নিশ্চয়তা কী? বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন।

স্থানীয়দের দাবি, শিশুটি বর্তমানে কার কাছে রয়েছে, কীভাবে এবং কোন পরিস্থিতিতে তাকে দেওয়া হয়েছে, এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘মলম পার্টির’ ঘটনার দাবিটি সত্য কি না, তা তদন্তের মাধ্যমে বের করা হোক।

তবে শিউলি বেগম গা ঢাকা দেয়ায় তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এবং শিশুকে বিক্রির বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নিশ্চিত হওয়া প্রয়োজন।
চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা চলছে। এলাকাবাসী শিশুটিকে দ্রুত উদ্ধার করে তার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চাঁদপুর থানার অফিসার ইনচার্জ মো ফয়েজ আহমেদ জানান, বৃহস্পতিবার শিশুটির মা থানায় এসে জানান তার সন্তানকে পাচ্ছেন না। পরে আমাদের পুলিশের একটি টিম অনুসন্ধানে নামে। পরবর্তীতে তিনি স্বীকার করেন তার সন্তানকে জেসমিন ও কামরুল ইসলাম দম্পতি আদালতের মাধ্যমে দত্তক নিয়েছেন।

প্রতিবেদক:কবির হোসেন মিজি/
১ আগস্ট ২০২৬