Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিতারা দুভাগে বিভক্ত করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ও সভা
ভাগে

কচুয়ায় বিতারা দুভাগে বিভক্ত করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ও সভা

চাঁদপুরের কচুয়া উপজেলার সর্ববৃহৎ ও জনবহুল ইউনিয়ন হিসেবে পরিচিত ৩নং বিতারা ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁংপুর ঈদগাহ মাঠে আয়োজিত এই সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় উপস্থিত চাংপুর গ্রামবাসীরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন যে, চাঁংপুর গ্রাম নতুন ইউনিয়নের পশ্চিম অংশের অন্তর্ভুক্ত থাকবে। সভায় সভাপতিত্ব করেন সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতীফ মাস্টার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর সরকার। আলোচনা সভায় বক্তব্য দেন তেগুরিয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো: দেলোয়ার হোসেন পাটোয়ারী, সাবেক ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন, মো. মনির হোসেন, সমাজসেবক ডা. মো. ফজলুল হক, মহিব উল্লাহ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ৩ নং বিতারা ইউনিয়নের আয়তন ও জনসংখ্যা অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষের কাক্সিক্ষত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তাই প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে ইউনিয়নটিকে দুই ভাগে বিভক্ত করা সময়ের দাবি। তারা আরও বলেন, ইউনিয়ন বিভক্ত করা হলে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের গতি আরও বাড়বে। এ সময় উপস্থিত এলাকাবাসী ইউনিয়ন বিভক্ত করার দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।

সভা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। পরে চাংপুর গ্রামবাসী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেলোয়ার পাটোয়ারীকে নির্বাচন করার সমর্থন দেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১ আগস্ট ২০২৬