চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি নিরীহ পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও কারাভোগ করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেরকোটা গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি কাউছার মিয়ার পরিবারের বিরুদ্ধে একই গ্রামের কামাল হোসেনের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে চাঁদপুরের বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি হিসেবে কাউছার মিয়ার ছেলে কিশোর আব্দুল্লাহ ও ভাই সফিকুল ইসলামকে গত ১ জুলাই রাতে কচুয়া থানা পুলিশ আটক করে জেল-হাজতে প্রেরণ করে।
এ মামলার আরেক আসামি সফিক দুই দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান। কিন্তু কিশোর আব্দুল্লাহ এখনো চাঁদপুরের কারাগারে রয়েছে।
ভুক্তভোগী কাউছার মিয়া জানান, তাঁদের পুরোনো বাড়িতে তাঁর ছোট ভাই আফসার দীর্ঘদিন ধওে পৈত্রিক সূত্রে ৮ শতাংশ জায়গা মালিক হয়ে ঘর-বাড়ি ও গাছ-গাছালি লাগিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তবে বর্তমানে প্রতিপকক্ষ দুলাল হোসেন গং ওই জায়গা কাল্পনিক মালিকানা দাবি করে তাঁর ভাইয়ের দখলীয় ঘরবাড়ি ভাঙচুর করেন। প্রবেশ ধারে টিন দিয়ে বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এতেও ক্ষান্ত নয় তারা, কামাল হোসেনর ওপর হামলার অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে তাসলিমা বেগমকে দিয়ে একটি মামলা দায়ের করা হয়। মূলত কামাল হোসেনকে কেউ মারধর করেনি বলে দাবি করেন।
তিনি আরও বলেন, “আমার এক ভাই জামিনে মুক্ত হলেও আমার একমাত্র ছেলে আব্দুল্লাহ এখনো মিথ্যা মামলার আসামি হয়ে কারাগারে রয়েছে। ছেলের জন্য তার মা কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত , প্রশাসন ও এলাকাবাসীর কাছে ন্যায়বিচার চাই।” স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কচুয়া প্রতিনিধি/
১ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur