চাঁদপুর সদর উপজেলার দরিদ্র, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, এ মানবিক উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, যারা শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না, তাদের জীবনযাত্রা সহজ করতে আজ হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আজ যারা হুইল চেয়ার পেয়েছেন, তাদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও সহযোগিতার ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার সবসময় দরিদ্র, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রদান করা হুইল চেয়ারের মাধ্যমে উপকারভোগীরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। তিনি সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের কাছে দোয়া কামনা করেন।
তিনি বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের কাজ শুরু হয়েছে। যারা প্রকৃতপক্ষে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, তারা সবাই পর্যায়ক্রমে এর আওতায় আসবেন। এ কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং যাচাই-বাছাই শেষে প্রকৃত যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করা হবে।
তিনি আরো বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কাউকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে না এবং কোনো ধরনের সুপারিশেরও প্রয়োজন নেই। স্বচ্ছ ও নিরপেক্ষ যাচাইয়ের মাধ্যমে প্রকৃত যোগ্য ব্যক্তিরাই এ সুবিধা পাবেন।
চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমার সভাপতিত্বে এবং চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার অনুষ্ঠানে ৩টি সামাজিক সংগঠনকে ৫৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৬৫ হাজার টাকার আর্থিক অনুদান, ১৪টি অসহায় পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকার আর্থিক সহায়তা এবং ২৭ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার/৩০ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur