চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেছেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ভালো কাজের সুফল যেমন ভোটাররা পায়ে, তেমনি তার অপকর্মের দ্বায়ও ভোটারদের বইতে হয়। শুধু দুনিয়া নয় আখেরাতেও এর জবাব দিতে হয়। তাই আপনাদের প্রতি অনুরোধ, পৌরসভার হিসেবে এমন একজনকে নির্বাচিত করবেন– যিনি আপনাদের আমানতের খেয়ানত করবে না। যিনি সত্যিকার অর্থে আপনাদের সেবক হিসেবে আপনাদের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।
২৯ জুলাই বুধবার বিকেল তিনি চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের দক্ষিণ তরপুপুরচন্ডি এলাকায় বাইতুস সালাম জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন আরো বলেন, চাঁদপুর পৌরসভার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া জানাজায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। আমি নিশ্চিত তিনি ভালো কাজ করেছেন বলেই এত মানুষ তার জানাজায় শরিক হয়েছিলেন। সেদিন থেকে আমি মনে মনে স্বপ্ন দেখেছি চাঁদপুর পৌরসভার মেয়র নির্বাচন করার। আল্লাহ আমাকে যা দিয়েছেন জীবনে আর পাওয়ার কিছু নেই। তবে আমার সম্মান হারানোর ভয় আছে। তাই আমি প্রতিজ্ঞা করেছি যদি আল্লাহ আমাকে মেয়র হিসেব কবুল করেন তবে, আপনাদের আমানতের খেয়ানত আমি করবো না। কাল হাশরের মাঠে আমি যেন আপনাদের আমানত ভালো কাজের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিতে পারি, সেই চেষ্টা করবো। আমার একটাই স্বপ্ন চাঁদপুর পৌরবাসীর খেদমত করা। আমার জীবনে প্রথম এবং শেষ নির্বাচন হবে চাঁদপুর পৌরসভার নির্বাচন।
তিনি আরো বলেন, মসজিদ আল্লাহর ঘর। সেটি নির্মাণে সহযোগিতা করার সভার সৌভাগ্য হয় না। আমি আমার সাধ্যমত এই মসজিদ নির্মাণের পাশে থাকব।তবে মসজিদ নির্মাণের পাশাপাশি আমাদেরকে মসজিদের মুসল্লী বাড়ানোর কাজ করতে হবে। আমাদের তরুণ- যুব সমাজ দিন দিন মসজিদ বিমুখ হয়ে যাচ্ছে। তারা খেলাধুলা বিমুখ হয়ে পড়ছে। মাদক, সামাজিক অপরাধ এবং তথ্য প্রযুক্তি অপব্যবহার তাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তরুণদের সমাজকে সঠিক পথে না আনতে পারলে আমাদের সকল অর্জনই বৃথা যাবে। আসুন আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে সত্যিকার অর্থে একটি আদর্শিক সমাজ বিনির্মাণে কাজ করি।
নির্মাণাধীন বাইতুস সালাম জামে মসজিদ কমিটির সভাপতি টিপু সুলতান প্রধানিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ মাসুদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, মসজিদ কমিটির উপদেষ্টা আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন মাঝি, আরিফ ইকবাল লিটু তালুকদার, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির ডাক্তার প্রমুখ। দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন পার্শ্ববর্তী বাইতুল আমিন জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান নিজামী। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন শরীফ উদ্দিন মানিক। এ সময় মসজিদ কমিটির অন্যান্য সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৯ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur