Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ফের দখল হচ্ছে মতলব মুন্সিরহাট বাজারের উচ্ছেদ হওয়া সরকারি জায়গা
মুন্সিরহাট

ফের দখল হচ্ছে মতলব মুন্সিরহাট বাজারের উচ্ছেদ হওয়া সরকারি জায়গা

মাত্র এক বছরের ব্যবধানে আবারও দখল হয়ে যাচ্ছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে উচ্ছেদ হওয়া সরকারি জায়গা। ২০২৫ সালের ২৬ আগস্ট উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা পরিষদের জায়গায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বছর না পেরোতেই বর্তমানে সেই স্থানগুলোতে নতুন করে অসংখ্য ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-চাঁদপুর যোগাযোগের রুত্বপূর্ণ এই বাজার দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করে। অবৈধ দখলের কারণে সড়ক সংকুচিত হয়ে পড়ায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। এ কারণে গত বছরের উচ্ছেদ অভিযান গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছিল।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, আগের অভিযানে দোকান ও স্থাপনার দৃশ্যমান অংশ ভেঙে ফেলা হলেও অনেক স্থাপনার মূল কাঠামো অক্ষত ছিল। সেই কাঠামোর ওপর ভিত্তি করেই আগের মালিকরা পুনরায় দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া জেলা পরিষদের খালের ওপরও বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলার পাশাপাশি বাজারের অধিকাংশ বর্জ্য ওই খালে ফেলায় খালটি এখন কার্যত মৃতপ্রায় হয়ে পড়েছে।

এলাকার সচেতন বাসিন্দারা বলেন, প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর পুনরায় সরকারি জমি দখল হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এতে একদিকে সরকারের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হচ্ছে, অন্যদিকে জনদুর্ভোগও বাড়ছে। তারা অবিলম্বে পুনরায় অভিযান পরিচালনার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ সরকারি জমি দখলের সাহস না পায়।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৯ জুলাই ২০২৬