Home / জাতীয় / চাঁদপুরের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে
ডিসিসহ

চাঁদপুরের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বর্তমানে তারা ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে যুগ্ম সচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বাধ্যতামূলক অবসরের পাঠানো ওই সময়ের ডিসিদের মধ্যে রয়েছেন- চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খান, কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীর, কুষ্টিয়ার ডিসি মো. আসলাম হোসেন, নেত্রকোনার ডিসি মঈনউল ইসলাম, বান্দরবানের ডিসি মোহাম্মদ দাউদুল ইসলাম, নাটোরের ডিসি মো. শাহরিয়ার, শরীয়তপুরের ডিসি কাজী আবু তাহের, চাঁপাইনবাবগঞ্জের ডিসি এ জেড এম নুরুল হক, ময়মনসিংহের ডিসি মো. মিজানুর রহমান, চট্টগ্রামের ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন, লক্ষ্মীপুরের ডিসি অঞ্জন চন্দ্র পাল, রাঙ্গামাটির ডিসি এ কে এম মামুনুর রশিদ, কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেন, সুনামগঞ্জের ডিসি মো. আব্দুল আহাদ, পাবনার ডিসি মো. জসিম উদ্দিন, ঝিনাইদহের ডিসি সরোজ কুমার নাথ, খাগড়াছড়ির ডিসি মো. শহিদুল ইসলাম, ফেনীর ডিসি মো. ওয়াহিদুজ্জামান।

এছাড়া বরিশালের ডিসি এস এম অজিয়র রহমান, ভোলার ডিসি মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পটুয়াখালীর ডিসি মো. মতিউল ইসলাম চৌধুরী, নীলফামারীর ডিসি নাজিয়া শিরিন, রাজশাহীর ডিসি এস এম আব্দুল কাদের, মাগুরার ডিসি মো. আলী আকবর, হবিগঞ্জের ডিসি মাহমুদুল কবীর মুরাদ, কিশোরগঞ্জের ডিসি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাইন, খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেন, শেরপুরের ডিসি আনার কলি মাহবুব, কুড়িগ্রামের ডিসি মোছা. সুলতানা পারভীন, মানিকগঞ্জের ডিসি এস এম ফেরদৌস, চুয়াডাঙ্গার ডিসি গোপাল চন্দ্র দাশ রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

তারা বিধি অনুযায়ী, অবসরজনিত সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত বছরের ১৯ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩৩ জেলা প্রশাসককে ওএসডি করা হয়েছিল। সে সময় তারা যুগ্ম সচিব হিসেবে বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার গঠন করে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের আগে ও পরে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তোলে বিভিন্ন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক। বিশেষ করে ভোটের আগের রাতে ব্যালটে সিল দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নির্বাচনটি ‘রাতের ভোট’ নামে ব্যাপক আলোচিত হয়।

চাঁদপুর টাইমস ডেস্ক/
২৭ জুলাই ২০২৬