Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
শিক্ষাপ্রতিষ্ঠানে

হাজীগঞ্জে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা প্রশাসনের জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা কার্যকর করার কথা জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে পড়াশোনায় মনোযোগী করে তোলা এবং শৃঙ্খলাপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিদ্যমান নির্দেশনা এবং চাঁদপুর জেলা প্রশাসনের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া ,গত ২৩ মে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকের উপস্থিতিতে অনুষ্ঠিত হাজীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে এ নির্দেশনা জারি করেছে। সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশনাটি দ্রুত বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দ্রুত এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন স্বাক্ষরিত এ অফিস আদেশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

স্টাফ করেসপন্ডেট/
২৫ জুলাই ২০২৬