চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৭ মামলার আসামী মো. আওলাদ খাঁন(৪০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(২২ জুলাই) গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করেছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ জুলাই রাতে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো হাফিজুর রহমান মানিক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি আওলাদ খাঁনকে নারায়নপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
মো. আওলাদ খাঁন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের মমিন খাঁনের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে ৭ মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আওলাদ খাঁন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তার কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। মাদকের অপরাধে অভিযুক্ত আওলাদ মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলও খেটেছে। জামিনে এসে আবারও এই ব্যবসা শুরু করে দেয়। ইতিপূর্বে তার বিরুদ্ধে ৭ টি মামলা রয়েছে।
একইদিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাক ছেলে কাইয়ুম সরকার মুন্না(৩৮)কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এছাড়াও এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে মতলব দক্ষিণ উপজেলার পাঁচকিপাড়া এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় সফিকুল ইসলামের ছেলে নোমান মিজি(৩৯)কে ইয়াবাসহ গ্রেপ্তার করে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, আওলাদ খাঁনের বিরুদ্ধে ৭ টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর দুই আসামীদের কাছ থেকেও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। কিশোর গ্যাং,মাদক ও অপরাধ নির্মুলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২২ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur