Home / চাঁদপুর / প্রতিবন্ধী শিক্ষার্থীদের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে: ডিসি
প্রতিবন্ধী

প্রতিবন্ধী শিক্ষার্থীদের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে: ডিসি

চাঁদপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ২২তম সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে চাঁদপুর জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের কল্যাণে জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে। তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।বিশেষ করে দীর্ঘ দিনের দাবী অনুযায়ী অত্র বিদ্যালয়ের নামে ১৫ শতাংশ ভূমি নামজারির চেস্টা কিংবা বাবুরহাট শিশু পরিবারে প্রতিষ্ঠানটি স্থানান্তর এবং ভূমির ব্যবস্থা গ্রহনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সুপারিশ করবো।

তিনি আরও বলেন, “প্রতিবন্ধী শিশুদের জন্য একটি শিক্ষাবান্ধব, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক পাঠদান পদ্ধতির প্রয়োগ এবং সহায়ক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে অভিভাবক, শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল তপাদার কাঞ্চন, জেলা সমাজসেবা অফিসারের প্রতিনিধি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্যসচিব প্রতিমা রানী ভৌমিক, সহকারী শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম খান এবং অভিভাবক প্রতিনিধি মো. তাজুল ইসলাম মজুমদার।

সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি আরও গতিশীল করতে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চীেধুরী,
২২ জুলাই ২০২৬