Home / চাঁদপুর / পুলিশ সুপারের সঙ্গে মালিক-শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ
পুলিশ সুপারের

পুলিশ সুপারের সঙ্গে মালিক-শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরে সিএনজি চালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক রাখতে সার্বিক সহযোগিতা কামনায় জেলা পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সংগঠনের নেতারা শহরের যানজট, বিভিন্ন সময়ে আটক হওয়া সিএনজি অটোরিকশা এবং চালকদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে স্বল্প জরিমানার মাধ্যমে আটক সিএনজি অটোরিকশা চলাচলের সুযোগ দিতে ছয় মাসের জন্য বিশেষ সময় দেওয়ার আবেদন জানান তারা।

এ সময় পুলিশ সুপারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় রেখে সিএনজি চলাচলে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করা হয়।

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. লিটন মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমন, সহ-সভাপতি মো. মনজুর আলম, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রিপন হোসেন, চাঁদপুর সদর মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. লিটন, সাধারণ সম্পাদক নয়ন এবং পৌর জাতীয়তাবাদী সিএনজি শ্রমিক দলের সদস্য সচিব খোকন ফরাজীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৬ জুলাই ২০২৬