Home / চাঁদপুর / চাঁদপুরে ট্রাফিকের তিন মাসে অভিযানে জরিমানা ১ কোটি ৪ লাখ টাকা
ট্রাফিকের

চাঁদপুরে ট্রাফিকের তিন মাসে অভিযানে জরিমানা ১ কোটি ৪ লাখ টাকা

চাঁদপুরে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমিয়ে আনতে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ৩৫২৭টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ২৭৮৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলার বিপরীতে জরিমানা আদায় করা হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৫০০ টাকা। একই সময়ে বিভিন্ন ধরনের ৮৮১টি যানবাহন জব্দ করা হয়েছে।

চাঁদপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, জুলাই মাসে ১২৮৫টি মামলা দায়েরের বিপরীতে ৩৪ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আগস্ট মাসে ১১২০টি মামলা দায়ের করে ২৮ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেপ্টেম্বর মাসে ১১২২টি মামলা দায়েরের বিপরীতে জরিমানা আদায় করা হয়েছে ৪১ লাখ ৩ হাজার ৫০০ টাকা।

তিন মাসে দায়ের করা মামলার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি মামলা হয়েছে মোটরসাইকেলের বিরুদ্ধে। এ সময়ে মোটরসাইকেলের বিরুদ্ধে ১ হাজার ৪৬৮টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে ৮৯৫টি, ইজিবাইকের বিরুদ্ধে ৩৯৬টি, ভ্যান ও রিকশার বিরুদ্ধে ৩৬৩টি, পিকআপের বিরুদ্ধে ১৭৯টি, ট্রাকের বিরুদ্ধে ১৩৬টি, কাভার্ডভ্যানের বিরুদ্ধে ৫০টি, বাসের বিরুদ্ধে ৪০টি, মাইক্রোবাসের বিরুদ্ধে ২৪টি এবং প্রাইভেটকারের বিরুদ্ধে ২০টি মামলা করা হয়েছে।

ট্রাফিক বিভাগ সূত্রে আরও জানা গেছে, তিন মাসে বিভিন্ন ধরনের ৮৮১টি যানবাহন জব্দ করা হয়েছে। এর মধ্যে জুলাই মাসে ২১১টি, আগস্ট মাসে ১২২টি এবং সেপ্টেম্বর মাসে ৩২৯টি যানবাহন জব্দ করা হয়। বর্তমানে ট্রাফিক পুলিশের হেফাজতে মোট ৮১১টি যানবাহন রয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘনের মধ্যে রয়েছে লাইসেন্সবিহীন গাড়ি চালানো, হেলমেট ব্যবহার না করা, ফিটনেস ও রেজিস্ট্রেশন সংক্রান্ত অনিয়ম, অতিরিক্ত গতি এবং অবৈধ পার্কিং। এসব অপরাধের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ মোড়, নতুন বাজার-পুরাণ বাজার ব্রিজের গোড়া, শপথ চত্বর, বাসস্ট্যান্ড, ওয়ারলেস ও বাবুরহাটসহ ব্যস্ত সড়কগুলোতে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-অ্যাডমিন) প্রবীর কুমার দাশ বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রতিদিন নিয়মিত চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য কাউকে হয়রানি করা নয়; বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানো। যারা ট্রাফিক আইন অমান্য করবেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চালাবেন, ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামাবেন কিংবা বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান।

টিআই-অ্যাডমিন আরও বলেন, জরিমানা আদায়ই ট্রাফিক পুলিশের মূল উদ্দেশ্য নয়। মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চালক ও পথচারী সবাই সচেতন হলে দুর্ঘটনা কমবে এবং যানজটও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

স্টাফ রিপোর্টার/
২৮ অক্টোবর ২০২৬