চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক সংগঠন ‘বিউটিফুল ধানুয়া’র উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট (সিজন-৫)-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফুটবল লড়াই দেখতে ক্রীড়ামোদীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ফাইনালে মুখোমুখি হয় টুর্নামেন্টের দুই শক্তিশালী দল-ডাকাতিয়া স্পোর্টস ও বি কে এক্সপ্রেস। মাঠের লড়াইয়ে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বি কে এক্সপ্রেস। ট্রাইবেকারে জয়সূচক গোলটি করে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন রিমন খান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শামীম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সজিব শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন, সোহেল হোসেন, ক্রীড়া অনুরাগী নাঈম হোসেন বন্দুকসী, প্রবাসী ওমর শহীদ পাটোয়ারী, মিনহাজ আবেদীন সায়েম ও এ এম মাসুম।
মাসব্যাপী এই টুর্নামেন্টের সফল আয়োজনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিউটিফুল ধানুয়া’র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। আয়োজনে আরও সক্রিয় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মাইনুদ্দিন, রিয়াদ চৌধুরী, আরফিন মুন্না, মমিন শেখ, রাকিব আহমেদ কাসেম ও নয়ন গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও বিপথ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিউটিফুল ধানুয়া’র এই মহতী উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
প্রতিবেদক: শিমুল হাছান/
১১ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur