চাঁদপুরের হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবদুছ ছালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অমিত রায় বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং পল্লী উন্নয়নের মাধ্যমে সামগ্রিক জাতীয় প্রবৃদ্ধি অর্জনে সরকার বদ্ধপরিকর। পল্লী উন্নয়ন খাতের অবদানকে স্বীকৃতি দিতে এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই দিবসটি পালন করা হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী ও পল্লী উন্নয়ন সমিতির সভাপতি শফিউল্লাহ সওদাগর। বক্তারা গ্রামীণ জনপদে টেকসই উন্নয়নের লক্ষ্যে পল্লী উন্নয়ন বোর্ডের নানামুখী কার্যক্রমের প্রশংসা করেন এবং সমিতির সদস্যদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. মহসিন মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সরদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদসহ বিভিন্ন ইউনিয়ন ও এলাকা থেকে আগত পল্লী উন্নয়ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় ২০০টি বৃক্ষের চারা বিতরণ করা হয়। এছাড়া, পল্লী উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে বিভিন্ন গ্রাহকের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৬ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur