মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত। এর আগে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।
শুক্রবার (২৬) জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে তিনি পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন।
সামিরা চাঁদপুর শহরের নাজিরপাড়ার বাসিন্দা। তাঁর বাবা জি এম শাহজাহান আহমেদ এবং মা মোসা. মোবাশ্বেরা আক্তার। তিনি চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী হওয়ার পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন চাঁসক নাট্যমঞ্চের সদস্য।
এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ জেলা ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন সামিরা। এছাড়া সৃজনশীল মেধা অন্বেষণ, জাতীয় শিক্ষা সপ্তাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতাসহ বিভিন্ন জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি।
পুরস্কার গ্রহণের পর সামিরা মেহনাজ নুসরাত বলেন, “জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন আমার জন্য অত্যন্ত গর্বের। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি লেখালেখি ও গবেষণার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চাই।
তিনি এ সাফল্যের জন্য বাবা-মা, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাঁদপুর সরকারি কলেজের শিক্ষকরা জানান, সামিরা একজন মেধাবী, দায়িত্বশীল ও সৃজনশীল শিক্ষার্থী। তাঁর এই অর্জন কলেজের পাশাপাশি চাঁদপুর জেলার জন্যও গৌরবের। শিক্ষাবিদদের মতে, সামিরার ধারাবাহিক সাফল্য নতুন প্রজন্মকে শিক্ষা, সৃজনশীলতা ও অধ্যবসায়ে আরও উৎসাহিত করবে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৭ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur