কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় পরিচালনা এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। গত ৯ জুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয় যেৃও, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৪৫(৩) ধারা অনুযায়ী বিদ্যালয়টির পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি রেজিস্টার, কচুয়ার কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসক ডা: মোহাম্মদ আবু তাহের নয়ন ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আহসান উল্যাহ বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইব্রাহিম খলিল (শিক্ষক প্রতিনিধি), জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত সদস্য ও মোহাম্মদ রুহুল আমিন (অভিভাবক প্রতিনিধি), উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত সদস্য। নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির সভাপতি ডা: মোহাম্মদ আবু তাহের নয়নের নেতৃত্বে বিদ্যালয়ের হারানো শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। এদিকে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে নবগঠিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট মহল প্রত্যাশা ব্যক্ত করেছে। বিদ্যালয়ের ভবিষ্যৎ অগ্রযাত্রায় নতুন কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও মনে করছেন স্থানীয়রা।
কচুয়া প্রতিনিধি/ ৯ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur