মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক নারীকে জীবিত অবস্থায় চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পাওয়া গেছে। এ ঘটনায় স্বস্তি ফিরেছে তার পরিবারে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টায় চাঁদপুর লঞ্চঘাট এলাকায় জীবিত অবস্থায় পাওয়া গেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে টংগিবাড়ী ফায়ার স্টেশনে খবর আসে যে, দিঘিরপাড় ইউনিয়নের মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে জাহানারা বেগম (৪৮) নামের এক নারী গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সে অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টায় মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযানে রওনা হওয়ার প্রস্তুতি নেয়।
এ সময় নিখোঁজ নারীর ছেলে রাব্বি শেখ মোবাইল ফোনে ফায়ার সার্ভিসকে জানান, তার মা জাহানারা বেগমকে চাঁদপুর জেলার চাঁদপুর ঘাট এলাকায় জীবিত অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে তাকে চাঁদপুর থেকে নিজ বাড়িতে নিয়ে আসা হচ্ছে এবং তিনি সুস্থ আছেন।
তবে কিভাবে তিনি চাঁদপুরে গেলেন এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দলের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় এবং দলটি স্টেশনে ফিরে যায়।
জাহানারা বেগম টংগীবাড়ী উপজেলার মিতারা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সেন্টু শেখের স্ত্রী। তার পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
নদীতে নিখোঁজ হওয়ার পর জীবিত অবস্থায় ফিরে আসার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা তাকে ফিরে পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন।
চাঁদপুর টাইমস ডেস্ক/
৯ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur