জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের মতলবের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবুকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার এ পদোন্নতিতে মতলবসহ চাঁদপুর জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আশরাফুর রহমান বাবু বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি মামলা, গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও নেতাকর্মীরা দাবি করেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর আশরাফুর রহমান বাবু বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবো।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/ ৪ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur