Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

কচুয়ায় ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের কচুয়া বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার ১১ টায় কচুয়া উত্তর পল্টন ময়দানে কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে কচুয়া বাজারের ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী তরিকুল ইসলাম, ব্যবসায়ী বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস ছালাম শান্ত, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার শিকদার, ব্যবসায়ী প্রিয়তোষ পোদ্দার, হাজী আব্দুল কাদের, নিহতের ছেলে মাজহারুল ইসলাম ও ছানাউল্লাহ।


বক্তারা বলেন, ব্যবসায়ী নুরুল ইসলামের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচার কার্যক্রম দ্রুত স¤পন্ন করার দাবি জানান।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং ন্যায়বিচারের দাবিতে স্লোগান দেন। তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকান্ড সমাজে আতঙ্ক সৃষ্টি করে। তাই অপরাধীদের দ্রুত শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরী। উল্লেখ্য যে, গত শুক্রবার সকালে ব্যবসায়ী নুরুল ইসলাম কচুয়া বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আকষ্মিকভাবে নিখোঁজ হন। পরে ২দিন পর কুমিল্লা সদর দক্ষিন থানা শ্রী-নিবাস গ্রামের বিল থেকে তার পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ।

=> জিসান আহমেদ নান্নু, ১ জুন ২০২৬