Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ দেড়শ বছরের মানবিক ঐতিহ্য: সামর্থ্যহীন ৬৮০ পরিবার পেল কোরবানির গোস্ত

হাজীগঞ্জ দেড়শ বছরের মানবিক ঐতিহ্য: সামর্থ্যহীন ৬৮০ পরিবার পেল কোরবানির গোস্ত


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্তব্যপুর ইউনিয়নের তারালিয়া গ্রামে দেড়শ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এক ব্যতিক্রমী মানবিক আয়োজন। ঈদুল আজহাকে কেন্দ্র করে গ্রামের মানুষ সম্মিলিত উদ্যোগে কোরবানিকৃত গরুর গোস্ত সংগ্রহ করে কোরবানি দিতে না পারা অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করেছেন। এবার প্রায় ৬৮০টি পরিবার পেয়েছে এই সহমর্মিতার উপহার।

স্থানীয় সূত্রে জানা যায়, এবারের ঈদুল আজহায় গ্রামটিতে মোট ৫৭টি গরু কোরবানি করা হয়। কোরবানি শেষে প্রত্যেক পরিবার তাদের গোস্তের একটি অংশ আলাদাভাবে জমা করেন। পরে সেই গোস্ত গ্রামের কোরবানি দিতে না পারা পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়।

গোস্ত বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য গ্রামবাসীরা একটি বিশেষ কমিটি গঠন করেন। প্রত্যেক বাড়ি থেকে একজন করে সদস্য ওই কমিটিতে অন্তর্ভুক্ত হন। তারা নিজ নিজ এলাকার অসচ্ছল পরিবারের তালিকা প্রস্তুত করেন। পরবর্তীতে সেই তালিকা অনুযায়ী ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবারগুলোর বাড়িতে পৌঁছে দেওয়া হয় কোরবানির গোস্ত।

স্থানীয়দের মতে, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার অনন্য উদাহরণ হয়ে উঠেছে তারালিয়া গ্রামের এই আয়োজন। মানবিক এই উদ্যোগে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে প্রশংসার আবহ।

স্থানীয় বাসিন্দা ইকবাল হোসাইন আফতাব বলেন, এটি নতুন কোনো উদ্যোগ নয়। বংশপরম্পরায় চলে আসা একটি সামাজিক ও মানবিক আয়োজন। প্রতিবছরই গ্রামের সবাই স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। যারা কোরবানি দেন, তারা নিজেদের ভাগের একটি অংশ অন্যদের জন্য রেখে দেন।

বণ্টন কমিটির সমন্বয়ক সুলতান মাহমুদ বলেন, ঈদের আনন্দ সবাইকে নিয়ে ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন। যাতে গ্রামের কোনো পরিবার গোস্ত ছাড়া না থাকে, সেটিই আমাদের মূল লক্ষ্য। দিন দিন আমাদের পরিধি বাড়ছে এবং সবার সহযোগিতা পাচ্ছি। আমরা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সামর্থ্যহীন পরিবারগুলোর বাড়িতে গিয়ে কোরবানির গোস্ত পৌঁছে দিই। আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ আরও এগিয়ে যাবে।

প্রতিবেদক: শরীফুল ইসলাম

৩১ মে ২০২৬