Home / সারাদেশ / কুমিল্লায় শেষ হলো জাতীয় কবি’র ১২৭ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানমালা

কুমিল্লায় শেষ হলো জাতীয় কবি’র ১২৭ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানমালা

আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় শেষ হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর চার দিন ব্যাপী আয়োজন।

অনুষ্ঠানের শেষ দিন সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী আমীন-উর-রশিদ ইয়াছিন।

এর আগে কবির প্রথম স্ত্রী নার্গিস আসার খানমের জন্মস্থান কবিতীর্থ দৌলতপুরে রোববার সন্ধ্যায় জেলার মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

’কবির জীবন ও দৌলতপুর’ বিষয়ের ওপর আলোচনা করেন নজরুল গবেষক অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য এবং “দৌলতপুরে নজরুল” গ্রন্থের লেখক ঐতিহ্য কুমিল্লার সভাপতি মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা জেলা রিপোর্টার জাহাঙ্গীর আলম ইমরুল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আলী রাজিব মাহমুদ মিঠুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. বি. এম. মশিউজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলামিন, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় স্থানীয় মুরাদনগর উপজেলা শিল্প একাডেমির শিল্পীবৃন্দের নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নাচের মাধ্যমে অনুষ্ঠানটি নজরুল প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়। নজরুল জয়ন্তী উপলক্ষে এবারও মাঠের পূর্বাংশে ঐতিহ্যবাহী নজরুল মেলা বসে।

=> কুমিল্লা প্রতিনিধি : ২৬ মে ২০২৬