Home / সারাদেশ /  শতভাগ দেশি পশুতে মিটবে কোরবানির চাহিদা: কুমিল্লায় মন্ত্রী

 শতভাগ দেশি পশুতে মিটবে কোরবানির চাহিদা: কুমিল্লায় মন্ত্রী

আসন্ন ঈদুল আজহায় কোনো ধরনের ঘাটতি ছাড়াই সম্পূর্ণ দেশীয় গবাদিপশু দিয়ে কোরবানির শতভাগ চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। দেশের প্রান্তিক খামারি ও কৃষকদের হাত ধরেই এই লক্ষ্য অর্জন সম্ভব হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পশুপালন এখন আর স্রেফ পারিবারিক প্রয়োজন বা শখের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং এটি গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করার পাশাপাশি দেশের দারিদ্র্য বিমোচনে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করছে।

মঙ্গলবার (২৬ মে) কুমিল্লার বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি খামারিদের সক্ষমতা বাড়াতে সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, গবাদিপশু পালন খাতকে আরও গতিশীল ও টেকসই করতে খামারভিত্তিক উৎপাদন বৃদ্ধি, প্রয়োজনীয় কারিগরি সহায়তা এবং আধুনিক প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। যার ফলে দেশজুড়ে এখন বাণিজ্যিকভাবে পশুপালনের এক নতুন ও সম্ভাবনাময় প্রবণতা তৈরি হয়েছে।

মাঠপর্যায়ে পশুর হাটগুলো পরিদর্শনের সময় মন্ত্রী হাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম এবং দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারী ও ক্রেতা-বিক্রেতাদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। এছাড়া হাটে জাল টাকা শনাক্তকরণ বুথের কার্যকারিতা এবং ইজারাদাররা নির্ধারিত হাসিল আদায় করছেন কি না, তা-ও তিনি সরজমিনে তদারকি করেন। হাটে আগতদের আশ্বস্ত করে মন্ত্রী সাফ জানিয়ে দেন, কোরবানির হাটগুলোতে যেকোনো মূল্যে কৃত্রিম সংকট তৈরি বা চাঁদাবাজি কঠোরহস্তে দমন করা হবে। খামারিরা যাতে পশুর ন্যায্যমূল্য পান এবং ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন, সেজন্য সরকার প্রতিটি হাটে শতভাগ নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

মন্ত্রীর এই মাঠপর্যায়ের পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সামছুল আলম, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহে আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

=> জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২৬ মে ২০২৬