Home / চাঁদপুর / ঈদ ঘিরে পশুর হাট, যানজট ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে: মানিক এমপি

ঈদ ঘিরে পশুর হাট, যানজট ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে: মানিক এমপি

চাঁদপুর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাগে ১০টায় চাঁদপুর সদর উপজেলা সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী চাঁদপুরে আগমন উপলক্ষে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বশীল ব্যক্তিরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, তা ভোলার মতো নয়। একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পুরো প্রোগ্রাম সম্পন্ন হয়েছে এবং চাঁদপুর সদর থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। এজন্য তিনি চাঁদপুর সদরের সকল দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, আগামী ২৮ মে পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। ঈদকে ঘিরে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, যানজট ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে। শুধু প্রশাসনের একার পক্ষে সবকিছু সম্ভব নয়, হাট ইজারাদার ও সংশ্লিষ্টদেরও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত মনিটরিং থাকলে সবাই দায়িত্বশীলভাবে কাজ করবে এবং ঈদ উদযাপন সুন্দরভাবে সম্পন্ন হবে।

মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রসঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এসব সমস্যার জন্য শুধু পুলিশকে দায়ী করলে হবে না। সমাজের সচেতন মানুষ, ব্যবসায়ী, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে।

ঈদের পর মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করা হবে। এসব কমিটির সদস্যরা সন্ধ্যার পর এলাকায় টহল ও নজরদারি করবেন।

তিনি বলেন, আগে সমাজের মুরব্বিরা এলাকায় ঘোরাফেরা করলে তরুণরা ভয় পেতো ও খারাপ কাজ থেকে দূরে থাকতো। সেই সামাজিক পরিবেশ আবার ফিরিয়ে আনতে হবে। প্রথমে এক-দুইটি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করা হবে। সফল হলে তা ব্যাপকভাবে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, শুধুমাত্র মামলা দিয়ে কিশোরদের জীবন নষ্ট না করে তাদের কাউন্সেলিং ও ওরিয়েন্টেশনের মাধ্যমে ভালো পথে ফিরিয়ে আনতে হবে এবং কিশোর গ্যাংয়ের গডফাদারদের চিহ্নিত করতে হবে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদ, চাঁদপুর সদর উপজেলা কোস্ট গার্ড প্রতিনিধি, চাঁদপুর সদর উপজেলা নৌ পুলিশ প্রতিনিধি, চাঁদপুর সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নূরুল ইসলাম পাঠান, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, শাহমাহমুদপুর ইউনিয়নের সচিব এম এ কুদ্দুস রোকন, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী প্রমুখ।

এছাড়াও মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার ও ভিডিপি সদস্য, নৌ পুলিশ ও কোস্টগার্ডের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

-স্টাফ রিপোর্টার/ ২৩ মে ২০২৬