Home / উপজেলা সংবাদ / হাইমচর / শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ১২তম ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন হারুনুর রশিদ

শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ১২তম ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন হারুনুর রশিদ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের ‘১২তম ট্রাস্টি বোর্ড’-এর সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন মো: হারুনুর রশিদ। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির মহাসচিব এবং চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

​গত ১৮ মে ২০২৬ (০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি মাধ্যমিক-৩) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭৪.০২৯.০০১.২০০৯ (অংশ-১)-১৮১) এই বোর্ড গঠনের কথা জানানো হয়।

​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন, ১৯৯০ (২০০২ এ সংশোধিত) এর ধারা-৬ এর বিধান অনুযায়ী আগামী ০৩ (তিন) বছরের জন্য এই ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে।

​মো: হারুনুর রশিদ ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় দেশের কারিগরি শিক্ষক সমাজ এবং হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন মহল থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

​এক প্রতিক্রিয়ায় মো: হারুনুর রশিদ মহামান্য রাষ্ট্রপতি, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি দেশের বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের কল্যাণে এবং তাদের অধিকার আদায়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/

২০ মে ২০২৬