Home / চাঁদপুর / বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে চাঁদপুরের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য অর্জন

বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে চাঁদপুরের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য অর্জন

ড্রিমস অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘৮ম বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০২৬, বাংলাদেশ জাতীয় পর্ব’ (8th World Invention Competition and Exhibition-2026, Bangladesh National Round’ গত শনিবার (৯ মে ২০২৬) নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পার্মানেন্ট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দেশের সেরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবকদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের এই বৈজ্ঞানিক প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে প্রায় ১৮০টি দল এবং ১৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এই প্রতিযোগিতায় চাঁদপুর থেকে তিনটি দল অংশ নেয়। তারা দুটি প্রজেক্ট নিয়ে দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। এর মধ্যে প্রজেক্ট সেগমেন্টে ‘Applied Physics and Engineering’ ক্যাটাগরিতে সিলভার মেডেল এবং ‘Innovative Social Science’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ মেডেল অর্জন করে।

দলের উদ্ভাবকরা হলেন— আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খন্দকার নাজমুস সাকিব ও অরিত্র রায় এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ মাহাদী রহমান। তাদের সাথে দলের অন্যান্য সদস্য হিসেবে ছিল কেএফটি কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী এস.এম. সায়েম প্রিয়ন্ত, হাসান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মুনতাছির, এস.এম. সেহরান সাদমান, ইয়ামিন ইসলাম মাহিন ও শাহরুল ইসলাম শাওন এবং আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আলভি আল কামাল।

তাদের উদ্ভাবিত যন্ত্রটি হলো একটি “Solar System Smart Wheelchair”, যা জিপিএস নেভিগেশন ও সেফ ড্রাইভিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। হুইলচেয়ারটি ভয়েস কন্ট্রোল, রিমোট কন্ট্রোল এবং জয়স্টিকের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ডেমো মডেলটি তৈরি করতে প্রায় ৫,৬০০ টাকা ব্যয় হয়েছে এবং বাস্তবভাবে তৈরি করতে আনুমানিক ৮০,০০০ টাকার প্রয়োজন হবে বলে তারা জানান।

উদ্ভাবকরা জানান, পৃথিবীতে অসংখ্য প্রতিবন্ধী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তি রয়েছেন যারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না এবং অন্যের সহযোগিতার উপর নির্ভরশীল। তাদের কথা বিবেচনা করেই এই স্মার্ট হুইলচেয়ার তৈরি করা হয়েছে, যাতে তারা নিরাপদভাবে ও স্বাধীনভাবে চলাচল করতে পারেন। পাশাপাশি বর্তমান বিদ্যুৎ সংকটের বিষয়টি মাথায় রেখে এটি সোলার সিস্টেমে পরিচালিত করা হয়েছে, ফলে অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হবে না।

এর আগে মোঃ মাহাদী রহমান, খন্দকার নাজমুস সাকিব ও অরিত্র রায় একই প্রজেক্ট নিয়ে এই প্রতিযোগিতার আগের আসরে আন্তর্জাতিক পর্যায়ে মালয়েশিয়ায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। কিন্তু পর্যাপ্ত স্পন্সর না পাওয়ায় তারা অংশ নিতে পারেনি। এছাড়াও তারা ‘International Science and Invention Fair – 2025’ এর জাতীয় পর্যায়ে ‘Physics, Energy and Engineering’ ক্যাটাগরিতে ‘Honorable Mention Award’ অর্জন করে। পরবর্তীতে ISIF-25 এর আন্তর্জাতিক পর্যায়ে ইন্দোনেশিয়ায় অনলাইনে অংশগ্রহণ করে ২৪টি দেশের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সিলভার মেডেল অর্জন করে।

এছাড়াও তারা আমেরিকায় অনুষ্ঠিতব্য RoboBoat-2026 এ ‘Dreams of Bangladesh’-এর সাথে অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং ‘Innovation World Cup-2026’ এর আন্তর্জাতিক পর্যায়ে ইন্দোনেশিয়ায় অংশগ্রহণের জন্যও মনোনীত হয়েছে। তবে স্পন্সর সংকটের কারণে পূর্বে আন্তর্জাতিক পর্যায়ে সরাসরি অংশগ্রহণ করা সম্ভব হয়নি।

এই বছর আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় স্পন্সর ও সহযোগিতা পেলে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি চাঁদপুরের নাম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। এজন্য তারা চাঁদপুরবাসীসহ দেশের সকল শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

সম্পূর্ণ কার্যক্রমটি চাঁদপুর রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও তরুণ সংগঠক আবরার ইসলাম আরিয়ানের তত্ত্বাবধানে WICE 2026 এ অংশগ্রহণ করতে পেরেছে।
প্রতিষ্ঠাতা আরিয়ান বলেন , ইনশাআল্লাহ স্পন্সর ও শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহযোগিতা করলে আমরা ইনশাআল্লাহ মালেশিয়ায় ফাইনাল রাউন্ডে ও যেতে পারবো।  ।

-আশিক বিন রহিম/ ১৩ মে ২০২৬